হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) ওরশে ভক্তদের ঢল

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (কঃ) পবিত্র ২৬ আশ্বিন বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গতকাল দরবারে বহু মানুষের ঢল নামে। এদিন বাদে ফজর তার রওজা মোবারকের গোসল শেষে মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) আগত আশেক ভক্ত জায়েরীণদের সাথে নিয়ে মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করার সময় বলেন, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারীর (কঃ) ইচ্ছার প্রতিফলন বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)। মাইজভাণ্ডারী ত্বরীকা বিকশিত করার জন্যে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) তাকে নিজ ইচ্ছায় নির্বাচিত করেছেন। জন্মের পর মুহুর্ত থেকে বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) নির্বাচিত করেন। তিনি তার মুনাজাতে বলেন, এই মকবুল বান্দার (বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী) সারা জীবনের সাধনা, ত্যাগ, তীতিক্ষার পর আজকের এই দিনে তিনি দুনিয়ার সফর শেষ করে আল্লাহর দিদারে চলে গিয়েছেন। তিনি ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া‘কে ব্যাপকভাবে পরিচয় এবং ত্বরীকার আদর্শ ও দর্শনকে, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারীর (কঃ) আদর্শ ও দর্শনকে জালালিয়ত ও জামালিয়ত এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে চলা ৭ দিনব্যাপী বর্ণাঢ্য ও আধ্যাত্মিক নানা কর্মকাণ্ড শেষে রবিবার ছিল ওরশ শরীফের প্রধান দিবস। প্রধান দিবস উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ মানুষের ঢল নামে। দিনভর খতমে কোরআন, মিলাদ মাহফিল, বায়াত গ্রহণ, জিকির–আজকার পর রাতে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মূল মাহফিল। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গভীর রাতে সমাপ্তি ঘটে এই মহাপবিত্র বার্ষিক ওরশ শরীফের।

পূর্ববর্তী নিবন্ধচবি মনোবিজ্ঞান বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধদুর্গাপূজায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে