সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে রাউজানের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ আবু জাহেদ (৪৮)। তিনি উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর হিংগলা গ্রামের মৃত মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।
নিহতের ঘনিষ্ট আত্মীয় সাংবাদিক নেজাম উদ্দিন রানা জানিয়েছেন গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত জাহেদের জেরিন আকতার (১০) ও আফরিন আকতার (৩) নামের দুই কন্যা সন্তান রয়েছে। জাহেদের পরিবার সূত্রে জানা যায়, ২০০৩ সাল থেকে জাহেদ প্রবাস জীবনে আছেন। সর্বশেষ ২০২৫ সালে দেশে এসেছিলেন। কয়েকমাস পরিবারের সাথে সময় কাটিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে ফের প্রবাস জীবনে ফিরে যায়। তিনি শারজাহ এলাকায় একটি গ্রোসারি কোম্পানীতে কাজ করতেন। জাহেদের মৃত্যুর সংবাদ প্রবাসী স্বজনদের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের করুন আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।












