ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবক নিহত

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কাথরিয়ার বাগমারা এলাকার মোরশেদ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কয়েকদিন আগে দুঘর্টনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার ভোরে মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত মোরশেদ কাথরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মদনার বাড়ি এলাকার ছাবের আহমদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. হারুনুর রশিদ চৌধুরী।

জানা যায়, মোরশেদ দীর্ঘদিন ধরে ওমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র আর্থিক উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। কর্মজীবনে যোগদানের পর থেকেই পরিবারের হাল ধরেছিলেন। সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে সবার কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। স্থানীয়রা জানান, কিছুদিন আগে ওমানে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোরশেদ। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারেননি। তার অকাল মৃত্যুতে পরিবার–পরিজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনেরা তার লাশ দেশে ফিরিয়ে আনতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধদুর্গোৎসবের রঙে চট্টগ্রামের পুরোনো পাড়া
পরবর্তী নিবন্ধলায়ন মনজুর আলম মনজু সংবর্ধিত