তিন মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮%

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল–জুনে এসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ খানিকটা বেড়েছে। এসময়ে নিট বিনিয়োগ এসেছে ৩৪ কোটি ৬৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৭৮ শতাংশ বেশি। আগের বছর ২০২৫ সালের এপ্রিল–জুন সময়ে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছিল ৩০ কোটি ৭৬ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার বিদেশি বিনিয়োগের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি পঞ্জিকা বছরের এপ্রিল–জুন সময়ে মোট এফডিআই এসেছে ১১১ কোটি ৩২ লাখ ডলার। এর মধ্যে ৭৬ কোটি ৬৩ লাখ ডলার ফেরত নিয়ে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে করে নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩৪ কোটি ৬৯ লাখ ডলার। খবর বিডিনিউজের।

অপরদিকে ২০২৫ সালের একই সময়ে মোট ১০৯ কোটি ৪৭ লাখ ডলারের এফডিআই এসেছিল দেশে। এর মধ্যে ৭৮ কোটি ৭১ লাখ ডলার ফেরত নিয়ে গিয়েছিলেন বিনিয়োগকারীরা। ওই হিসাবে ওই সময়ে নিট এফডিআইয়ের পরিমাণ ছিল ৩০ কোটি ৭৬ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল–জুন সময়ে নিট নতুন বিনিয়োগ বা ইক্যুইটি এসেছে ৭ কোটি ৭৪ লাখ ২০ হাজার ডলার। গত বছরের একই সময়ে ইক্যুইটি এসেছিল ৮ কোটি ১৩ লাখ ডলার। এছাড়া এই তিন মাসে নিট এফডিআই ২৬ কোটি ৯ লাখ ডলার এসেছে পুনর্বিনিয়োগ আয় থেকে। গত বছরের একই সময়ে এসেছিল ১৬ কোটি ৮২ লাখ ডলার। আর আন্তকোম্পানি ঋণ থেকে এসেছে ৮৬ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৫ কোটি ৮১ লাখ ডলার।

এ হিসাবে দেখা যাচ্ছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময় থেকে নিট নতুন বিনিয়োগ কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ। আন্তকোম্পানি ঋণ থেকে বিনিয়োগ কমেছে ৮৫ দশমিক ১৭ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে আজ অনশন
পরবর্তী নিবন্ধবাদামি ডিম বনাম সাদা ডিম : কোনটি বেশি ভালো?