ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল ছয় নম্বরে, ভারতের র্যাংকিং ১৩৮। তবে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে খুব একটা খারাপ করেনি ভারত। ব্যবধান অনেক বেশি বড় হয়নি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচটি জিতেছে ৪–০ গোলে। কলকাতার আইকনিক বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হয় ঢিমেতালে। ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি। দ্বিতীয় গোলটিও প্রায় একই ধরনের। ৪২ মিনিটে বক্সের ডানদিক থেকে শট নিয়েছিলেন পেদ্রো। এবার গোলরক্ষকের হাতে লেগে বল ঢুকে যায় জালে। দ্বিতীয়ার্ধে পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের স্যামুয়েল লিনো। ইনজুরি টাইমে এসে লিনো বক্সের মধ্যে ভারতীয় দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো শটে ব্যবধান ৪–০ করেন।













