সরকারি কর্মকর্তা–কর্মচারীদের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা ও সময়ের মূল্য দুটিই বেড়েছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবার ধরনও বদলাতে হবে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক স্টাফ রিভিউ সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনার যে কাজ সেই কাজটা আজকেই শেষ করা আপনার পবিত্র দায়িত্ব। কারণ, ওই চেয়ারে আপনি বসেছেন মানুষের কাজ করার জন্য। আজকের কাজ শেষ না করলে আজকের মানুষের চাহিদা পূরণ হবে না। মানুষের হাতে সময় কমে এসেছে। একই কাজের জন্য বারবার সরকারি দপ্তরে আসার সুযোগ মানুষের নেই। সময়মতো সেবা না পেলে মানুষ এখন আগের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের এই বাস্তবতা বুঝতে হবে।
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার প্রসঙ্গ তুলে ধনে জেলা প্রশাসক বলেন, দীর্ঘ কর্মজীবন শেষে কেউ নেতিবাচক পরিচয় নিয়ে বিদায় নিতে চান না। মানুষের আস্থা ধরে রাখতে হলে দায়িত্বশীলতা, দক্ষতা ও সময়মতো সেবা নিশ্চিত করতে হবে।
নিজের কাজ নিয়ে প্রতিদিন আত্মমূল্যায়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, একজন কর্মকর্তা বা কর্মচারীর নিজেকে প্রশ্ন করা উচিত, তিনি দায়িত্ব পালনে শতভাগ দিয়েছেন কি না, তার আরও কিছু করার ছিল কি না। কোনো কাজ শেষ করতে না পারলে আপনার কি কখনো মনে হয়, এটা তো আমার কাজ ছিল, আমার করে যাওয়া উচিত ছিল? এই বোধটা আমাদের মধ্যে থাকতে হবে। তা না হলে সরকারের প্রত্যাশিত নাগরিকসেবা নিশ্চিত হবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বজুড়ে কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এ কারণে কোনো ব্যক্তি বা পেশার নিজেকে অপরিহার্য ভাবার সুযোগ নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা, চিন্তাভাবনা ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।











