রাউজানে হয়রানির অভিযোগ তুলে পুলিশকে ধাওয়া ও তাদের গাড়ি ঘেরাও করেছে উত্তেজিত জনতা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জনরোষের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন পুলিশ সদস্য চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় যান। সেখানে অভিযান চালিয়ে তারা স্থানীয় অটোরিকশা চালক সাঈদ ও নির্মাণ শ্রমিক মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ চারদিক থেকে ছুটে এসে পুলিশের গাড়ি আটকে দেয় এবং হয়রানির অভিযোগ এনে বিক্ষোভ প্রকাশ করে ধাওয়া দেয়। একপর্যায়ে জনতার তীব্র প্রতিবাদের মুখে আটক দুই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধা ও প্রতিরোধের মুখে কোনো পদক্ষেপ না নিয়েই টিমটি থানায় ফিরে আসে।












