একটা আইফোনের লোভ
আর এক প্লেট ভাত,
দু দুটো জীবন কেড়ে নিল
আমরা এমনই জাত?
এগুলো নিয়ে চলে বাদানুবাদ
চলে কত রাজনীতি,
একে অপরে দোষাই কেবলই
হারিয়ে সমপ্রীতি।
সামাজিক আর গণমাধ্যম
কদিন সরব হবে,
কদিন গেলেই এসব ভুলেই
চুপটি করে রবে।
আর কতটা রক্ত ঝরালে
আমরা সভ্য দেশ,
হিংস্র হায়েনায় ভরে গেছে
সব করে নিঃশেষ।
মায়ের মনটা মানতে চায় না
করে কত আহাজারি,
হতভাগা এসব মায়ের জন্য
কী আর করতে পারি।
বিচারের নামে চলবে প্রহসন
সময় হবে যে পার,
মায়ের কান্নায় আকাশ ভারী
গগনবিদারী চিৎকার।






