মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোরকঘাটা–জনতা বাজার প্রধান সড়কের বড় মহেশখালী মাল্টিপারপাস সমবায় সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বরইন্যার চর এলাকার মো. ইলিয়াসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় আহত চকরিয়ার পূর্ব বড় ভেওলা গ্রামের বাসিন্দা মো. আজিম জানান, তিনি ও ফয়সালসহ তাদের পাঁচ বন্ধু, যারা সবাই দুবাইপ্রবাসী, চার মাস আগে দেশে আসেন। গতকাল তারা দুটি মোটরসাইকেলে করে মহেশখালীতে ঘুরতে আসেন। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় চকরিয়ার উদ্দেশে ফেরার পথে বড় মহেশখালী মাল্টিপারপাস সমবায় সমিতির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিশুকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিশুক ও মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।












