রুশ তেল নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির জবাবে ভারতের কড়া বার্তা

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলোর উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিতে যে বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস তার জবাবে কড়া বার্তা দিয়েছে ভারত। বুধবার লিন্ডসে ও.গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া এবং ইরান অ্যাক্ট অফ ২০২৬ বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৬২১৫৯ ভোটে পাস হয়েছে। খবর বিডিনিউজের।

এবার শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের অপেক্ষা। বিল আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পেয়ে যাবেন ট্রাম্প। সেই তালিকায় ভারতের নাম রয়েছে। ভারত ও চীনের মতো রুশ তেলের বড় ক্রেতারাও এই ব্যবস্থার আওতায় পড়তে পারে। এমন পরিস্থিতিতেও নিজের অবস্থান থেকে এক চুল না সরার ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্রদপ্তর। নয়াদিল্লি জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে। বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার তালিকায় শীর্ষে রয়েছে ভারত। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারতীয় তেল শোধনাগারগুলো ইতিমধ্যেই কেনাকাটায় বৈচিত্র্য আনতে শুরু করেছে। তারা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, কানাডা, ভেনেজুয়েলা এবং আফ্রিকা থেকে বিকল্প তেল সরবরাহ বাড়াচ্ছে। তবে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা মার্কিন কংগ্রেসে পাস হওয়া স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬ এবং এরপরবর্তী ঘটনাক্রমের ওপর কড়া নজর রাখছে। বিবৃতিতে বলা হয়, আগেও একাধিকবার যেমনটি বলা হয়েছে, ভারত তার ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত বিভিন্ন উৎস থেকে বাজারের পরিস্থিতি অনুযায়ী জ্বালানি সংগ্রহের নীতি অনুসরণ করে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.১৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসুইডেনের নির্বাচনে মধ্য-বাম বিরোধীদলীয় জোটের জয়