ব্রিটেনকে এক মাসের মধ্যে পূর্ব জেরুজালেম কন্স্যুলেট বন্ধ করতে বলল ইসরায়েল

১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিতে উৎপাদিত পণ্য আমদানিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার যৌথ নিষেধাজ্ঞার জবাবে ব্রিটেনকে পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কন্স্যুলেট আগামী ৩০ দিনের মধ্যে বন্ধ করতে বলেছে ইসরায়েল। গতকাল ইসরায়েলের দুটি কূটনৈতিক সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এই সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

পূর্ব জেরুজালেমের এই ব্রিটিশ কনস্যুলেটটি যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্তিন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছিল।

এদিকে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইসরায়েল। ১২ ব্রিটিশ আইনপ্রণেতার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করল তেল আবিব। খবর বিডিনিউজের।

মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জানিয়েছিলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিয়োজিত ওই কন্স্যুলেটটি বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি গাজায় যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ সমন্বয় মিশন থেকে যুক্তরাজ্যকে বাদ দেওয়া হবে। এর পাশাপাশি যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনসহ দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা ও নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলি বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। যুক্তরাজ্যের এই পদক্ষেপকে নৈতিকভাবে বিকৃত আখ্যা দিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচন প্রক্রিয়ায় নগ্ন হস্তক্ষেপের শামিল।

মঙ্গলবার যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার প্রস্তাবিত ওই বাণিজ্য নিষেধাজ্ঞা মূলত ইসরায়েলের বসতি স্থাপন নীতির বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ, যা প্রথাগত মিত্রদের কাছে ইসরায়েলের ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতাকেই তুলে ধরছে। এছাড়া ডেনমার্ক, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনসহ আরও নয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পৃথক এক বিবৃতিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শুধু মুখে কথা না বলে অবৈধ বসতি সম্প্রসারণ রুখতে যুক্তরাজ্যের এখন সরাসরি পদক্ষেপ নেওয়া দরকার।

পূর্ববর্তী নিবন্ধহরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য