হিংসার অনলে দিতে গোলাপের জল

শাহনাজ পারভীন | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বলেছিলাম না, আমরাও পারি

আমরা যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি জয় করতে পারি,

তেমনি এভারেস্ট আমাদের পায়ের তলায়,

প্রদোষের চিৎকার সামলিয়ে

সকাল সন্ধ্যা কিচেনে কাটাতে পারি সাবলীল।

বুদ করে রাখতে পারি শ্রেণিকক্ষের নিষ্পাপ মুখ

শাসনের চোখ রাঙাতে পারি প্রয়োজনে

আবাল মূর্খতায় মেখে দেই প্রাজ্ঞের চপেটাঘাত

চুলকানি পায়ে দলে কৌশলী পথে হাঁটি স্নিগ্ধতায়

অশান্তির দাবানলে শান্তির সুবাতাসে বকুলের ঘ্রাণ

মিথ্যার ঘোলাজলে বরিক ছেটাতে পারি দক্ষতায়।

জিঘাংসার ঘনঘটায় মায়াবী আগুন মাখি সারাক্ষণ

মৃত্যুমুখী বিষজল সুস্বাদু শরবত নিমিষে বানাই

প্রতিশোধের পরিবর্তে ক্ষমাসুন্দর আগামীর

পরিশুদ্ধ প্রতিশ্রুতি দেই প্রতিদিন

কিলবিল সাপদের মাঠে নির্মোহ ওঝা হয়ে উঠি

আমারই জন্য খোঁড়া গভীর মৃত্যুকুপে নিত্যক্ষণ

বলিষ্ঠ হাতে পুঁতি শাল, সেগুন।

আমরাই পারি

দুর্বৃত্তের দুঃসহ যন্ত্রণায় হয়ে যেতে শুশ্রূষার হাত

হিংসার অনলে দিতে গোলাপের জল

থকথকে শত্রুতায়, গভীর ষড়যন্ত্রে, দুর্মুখের

নীলকণ্ঠে ঢেলে দিতে সৌহার্দ্যের প্রেম এবং

চিরকাল বাসযোগ্য করে যেতে পারি পৃথিবীর পথ।

পূর্ববর্তী নিবন্ধঅসম্পূর্ণ শারদ
পরবর্তী নিবন্ধতিনি আছেন