ছেঁড়া ছেঁড়া মেঘের তরঙ্গে দোলে সময়ের পরিহাস
আশ্চর্য বাতাসে বাজে কোন দ্বিধা…আগমনী পথে!
বুনো কাশবনে শরতের সমারোহ দোলে মৃদঙ্গের সুর
নদীর বুকে বৈকালী সভায় আকাশের গোধূলি নামে।
নবজন্মের শিশিরের কান্নায় মনসা মঙ্গলে বিষহরি
লখিন্দরের লাশের পুঁথি ছিঁড়ে খায় পিঁপড়ের দল,
বেহুলার গোপন আর্তনাদ পোড়ায় তাকে.. সম্ভ্রমহীন
কে আসে মহালয়ার নামে, লাল শিকলের ঘুঙুর পায়ে!
মর্ত্যে অন্ধরা মগ্নচৈতন্যে ডুবে আছে আত্মঘাতী সুড়ঙ্গে
মিথ্যে ত্রিশূলে রচিত হয় চিতা অনির্বাণের দেবীপক্ষ।
সমর্পিত শিল্পী ও বেঁচে থাকে কলঙ্কের ছাই গায়ে মেখে,
বিসর্জনের মন্ত্র জপে দেবী ডুবে যায় শূন্যের সৈকতে।






