ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয় : হাই কোর্ট

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

ছবি ব্যবহার না করে ‘বায়োমেট্রিক শনাক্তকরণ’ পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে নাজানতে চার বছর আগে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বুধবার চূড়ান্ত শুনানির পর বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ রায় দেন। আদালতে রুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. আরিফুর রহমান। খবর বিডিনিউজের।

রায়ের পর ইসির আইনজীবী কামাল বলেন, ছবিসহ এনআইডি হয়এটাই আইনের বিধান। এর পেছনে আইনি ভিত্তি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০, ভোটার তালিকা আইন ২০০৯ এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা ২০১৪। এই তিনটি আইন এবং বিধিমালা অনুসারে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সুযোগ নেই।

কামাল হোসেন মিয়াজী বলেন, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি বাধ্যবাধকতা রয়েছেএমন কোনো বিধান রিট আবেদনকারী দেখাতে পারেননি। তাছাড়া ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার আইনগত অধিকার রয়েছে, রিটকারী পক্ষ তাও দেখাতে পারেনি। কিন্তু আমি দেখিয়েছি, নির্বাচন কমিশন আইনতগতভাবে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে পারে না, যে কারণে রুলটি খারিজ করে দিয়েছেন আদালত। ফলে রিট আবেদনকারী ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না। জাতীয় পরিচয়পত্রে বায়োমেট্রিক ফিচারস ছবির বিকল্প হতে পারে না। রিট আবেদনকারীর আইনজীবী শেখ ওমর শরীফ বলেন, রুল খারিজের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র চেয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন ঢাকার শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা।

পূর্ববর্তী নিবন্ধপিপিপি ভিত্তিতে চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন
পরবর্তী নিবন্ধবাবার সঙ্গে ট্রাকে যাচ্ছিল তোহা, ছাতা তুলতে গিয়ে চাকার নিচে পড়ে মৃত্যু