তাসাউফের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, উত্তম আখলাক ও মহান আল্লাহর সঙ্গে সৃষ্টির গভীর সম্পর্ক। প্রকৃত তাসাউফ বলতে উত্তম আখলাক, উন্নত চরিত্র এবং মহান আল্লাহর সঙ্গে সৃষ্টির গভীর সম্পর্ককে বোঝায়। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা ও আন্তর্জাতিক সুফি সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জামাল ফারুক জিব্রিল মাহমদ।
তিনি বলেন, হাদিসে জিবরিলের দৃষ্টিকোণ থেকে তাসাউফ ধর্মের এক–তৃতীয়াংশ, তবে এটিই পুরো দীনের প্রধান কেন্দ্র। যখন আমরা তাসাউফ নিয়ে আলোচনা করি, তখন আমাদের উদ্দেশ্য এমন কোনো বিষয় নয় যা বেদাত, অজ্ঞতা বা কুসংস্কারের সাথে সম্পৃক্ত। তিনি আরও বলেন, প্রকৃত তাসাউফ বলতে মূলত উত্তম আখলাক, উন্নত চরিত্র এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সৃষ্টির গভীর সম্পর্ককে বোঝায়। তাসাউফ যেহেতু ধর্মের মূল কেন্দ্র, তাই কেউ যদি এই কেন্দ্রকে অস্বীকার করে, তবে তা মূলত পুরো বিষয় বা ধর্মকেই অস্বীকার করার নামান্তর হয়ে দাঁড়ায়। আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষের মধ্যে ভুল, ত্রুটি ও সীমাবদ্ধতা রয়েছে। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নন। রাসুলের অন্যতম দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত করে শোনানো, দ্বীনের শিক্ষা দেওয়া এবং মানুষকে তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করানো। অনুষ্ঠানে ড. জামাল ফারুক জিব্রিল মাহমদের অনুবাদক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের অধীনে ধর্মীয় বিভাগের প্রধান মু. মহিউদ্দিন।
সম্মেলনে বাহরাইন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অব দ্য কোর্ট অব ক্যাসেশন (সুপ্রিম কোর্ট) ড. ইব্রাহিম আল–শেখ রশিদ আল–মুরাইখি বলেন, মানুষের জ্ঞান ও তথ্য অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো চোখ ও কান। এসব ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত বিষয় মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে। তিনি বলেন, আমাদের অন্তর মূলত খোদা প্রদত্ত ঐশী আলোর প্রতিফলন ঘটার একটি পাত্র বা মাধ্যম। এই পাত্রকে যদি আমরা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে না পারি, তবে সেখানে ঐশী আলোর প্রতিফলন ঘটবে না। এ সময় আরও বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট–এর ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দীন।












