চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় রডবাহী ট্রাকের সঙ্গে ডেকোরেশনের মালামালবাহী নসিমনের (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে সাজু দাশ প্রকাশ সজীব (৫৫) নামে এক ডেকোরেশন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইসমাইল (৫২) নামে আরও এক কর্মচারী আহত হয়। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার জুলুয়ার দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ।
নিহত সাজু দাশ পটিয়া উপজেলার চক্রশালা দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি কাঞ্চননগর বাদামতল এলাকার মো. কামালের ডেকোরেশনে কর্মচারী হিসেবে কাজ করতেন। গুরুতর আহত মো. ইসমাইলও ওই ডেকোরেশনের কর্মচারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতগাছিয়া দরবার শরীফের মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেকোরেশনের কাজ শেষে মালামাল নিয়ে ভটভটি করে ফেরার পথে জুলুয়ার দীঘির পাড় এলাকায় রডবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা সাজু দাশ ও মো. ইসমাইল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজু দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইসমাইল চিকিৎসাধীন রয়েছে।












