নগরীর ডিসি হিল এলাকায় গাড়ি চাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় আদালতে আত্মসমর্পণ করেছেন সেই গাড়ি চালক বাবলা ঘোষ। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পাশাপাশি তিনি জামিন চেয়ে আবেদন করলে বিচারক মো. মহিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। নগর পুলিশের প্রসিকিউশন শাখা জানায়, গত ২৮ আগস্ট বাবলা ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল নোমান। এরই প্রেক্ষিতে বাবলা ঘোষ আদালতে আত্মসমর্পণ করেছেন। প্রসিকিউশন শাখা আরো জানায়, ডিসি হিলের নিরাপত্তাকর্মী সুইক্যথোয়াং মার্মাকেও মামলায় আসামি করা হয়েছিল। তবে সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশিটে তাকে রাখা হয়নি। তার অব্যাহতি চেয়ে চার্জশিটে আবেদন করা হয়েছে। আগামী ৪ অক্টোবর চার্জশিট গ্রহণ বিষয়ে শুনানি হবে জানিয়ে প্রসিকিউশন শাখা জানায়, ওই দিন পর্যন্ত জামিনে থাকবেন বাবলা ঘোষ। মামলার তদন্ত কর্মকর্তা দৈনিক আজাদীকে জানান, বাবলা ঘোষ চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন গাড়ি চালক।
আদালত সূত্র জানায়, গত বছরের ৪ ডিসেম্বর রাতে ডিসি হিলের ফটকের সামনে একটি পিকআপ ভ্যানের চাপায় একটি অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু হয়। উক্ত পিকআপ ভ্যানটি ডিসি হিলের মূল ফটক দিয়ে বের হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই বছরের ১০ ডিসেম্বর তোফায়েল আহমেদ নামের একজন পরিবেশকর্মী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।











