থাইল্যান্ডের বিনোদন কেন্দ্র পাতায়ায় নোঙর ফেলা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের দুই সেনাসদস্য মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ার পর তাদের দুজনকে দ্রুত যুদ্ধজাহাজটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ইরান যুদ্ধের আগে থেকে শুরু করে টানা ২৮৬ দিন সাগরে কাটানোর পর স্থলে নেমে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন তারা। খবর বিডিনিউজের।
স্থানীয় পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমএস নাও জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাতায়ার একটি বারের কাছে দুই মার্কিন নাবিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে থাই পুলিশ তাদের উদ্ধার করে শহরের হার্ড রক ক্যাফেতে অবস্থিত ইউএস–থাইল্যান্ড যৌথ অপারেশন সেন্টারে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের নিজ রণতরীতে ফেরত পাঠানো হয়। থাইল্যান্ডের এক কর্মকর্তা ঘটনাটিকে সামান্য হিসেবে বর্ণনা করে জানান, দুজনই অতিরিক্ত মদ্যপ ছিলেন এবং মারামারি যাতে আর না বাড়ে, সেজন্য স্থানীয় এক বাসিন্দা জরুরি নম্বরে কল দিয়ে পুলিশকে জানান।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট লিখছে, মারামারি করায় পাঁচ দিনের পাতায়া সফরের বাকি সময়টায় সিন সিটি নামে পরিচিত শহরটিতে তাদের আর নামতে দেওয়া হবে না, দুই নাবিককে জাহাজেই অবস্থান করতে হবে।











