ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক বিকল্প খোলা রাখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের সময়সীমা ২০২৭ সাল পর্যন্ত বাড়াচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবর বাংলানিউজের।প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে স্বল্পমেয়াদি ও দ্রুত সমাপ্তির লক্ষ্য নিয়ে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ১৯টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান স্কোয়াড্রন, বিমান প্রতিরক্ষা ইউনিট ও প্যারাট্রুপার। সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়েছে। আগে যেখানে অনেক ইউনিটের দায়িত্ব পালনের মেয়াদ ছিল ৯ মাস, এখন তা ১২ মাস পর্যন্ত করা হয়েছে।
ক্ষেত্রবিশেষে কিছু ইউনিট এক বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। দীর্ঘ সময়ের এই মোতায়েনে মার্কিন সেনাসদস্য, তাদের পরিবার এবং সামরিক সরঞ্জামের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।












