বাড়তি ভাড়া চান চালকরা, ৩ ও ৭ নং রুটে চলেনি হিউম্যান হলার, ভোগান্তিতে যাত্রীরা

বর্ধিত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা : বিআরটিএ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

নগরীতে ভাড়া বৃদ্ধির দাবিতে গতকাল ৩ নম্বর ও ৭ নম্বর রুটের হিউম্যান হলার চলাচল বন্ধ করে রেখেছেন চালকসহকারীরা। হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে রাখায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

৩ নম্বর রুটে চলাচলকারী হিউম্যান হলারগুলো নিউ মার্কেট থেকে মুরাদপুর হয়ে ফতেয়াবাদ পর্যন্ত চলাচল করে। অপরদিকে ৭ নম্বর রুটের হিউম্যান হলারগুলো বহদ্দারহাট থেকে অক্সিজেন পর্যন্ত চলাচল করে। এই রুটের হিউম্যান হলারগুলো গতকাল সকাল থেকে বন্ধ থাকায় শত শত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পরিবহনে যেতে গিয়ে অনেককে বেশি ভাড়া গুণতে হয়েছে যাত্রীদের। আবার কেউ কেউ একাধিক যানবাহন বদলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন।

পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, প্রায় ১৫ বছর ধরে এসব যানবাহনের ভাড়া সমন্বয় করা হয়নি। গত মাসখানেক ধরে চলা গ্যাস সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা চলে যাচ্ছে পাম্পে গ্যাসের লাইনে অপেক্ষা করতে। তাই আগের ভাড়ায় তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠছিল। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পুলিশ বুধবার অভিযান চালায়।

বিআরটিএ কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয়ভাবে ভাড়া সমন্বয় না করা হলে আঞ্চলিকভাবে কোনো একটি রুটের ভাড়া বাড়ানো সম্ভব না। বর্ধিত ভাড়া আদায় হলে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘শুধু হিউম্যান হলারগুলো চলছে না। দ্রুতযান সার্ভিসের বাস চলছে। ২০১১ সালের পর আর হিউম্যান হলারের ভাড়া সমন্বয় করা হয়নি। সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা। এখন গ্যাসের সমস্যার কারণে পাম্পে গেলে সারারাত চলে যায়। সারাদিন গাড়ি চালিয়ে সারারাত পাম্পে গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকতে হলে দুজন মানুষের খাওয়া খরচসহ কিছু খরচ তো আছে। তিনি বলেন, চালক ও সহকারীরা সেই খরচ কোথায় পাবেন? যাত্রীদের কাছে ২৪ টাকা বাড়তি চাইলে তারা দেন না। উল্টো গতকাল কয়েকটি রুটে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। এখন গাড়ির চালকসহকারীরা বলছেন, খরচ উঠছে না। উল্টো জরিমানা দিতে হচ্ছে। তাই তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখেছেন। আমরা তাদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধআজ জামেয়া ময়দানে জুমার নামাজে ইমামতি করবেন পীর আল্লামা সাবির শাহ
পরবর্তী নিবন্ধ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কাল, ব্যাপক প্রস্তুতি