জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সর্বাত্মকভাবে সফল করতে হবে। লংমার্চের মাধ্যমে জনগণের ন্যায্য দাবির উত্থাপন করা হবে এবং কোনোভাবেই বাংলাদেশকে আবার ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের পথে ফিরে যেতে দেওয়া যাবে না। গতকাল বুধবার নগর জামায়াত কার্যালয় বিআইএ কনফারেন্স রুমে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ ও লালদীঘি ময়দানের সমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের ন্যায্য দাবি আদায় এবং দেশকে ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান থেকে রক্ষার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। চট্টগ্রাম অঞ্চলের সর্বস্তরের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করতে হবে। লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, শাহজাহান চৌধুরী এমপি, নগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা মোস্তাফিজুর রহমান, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












