বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। নতুন দর নির্ধারণের এ সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ভোজ্য তেল নিয়ে জরুরি ব্রিফিংয়ে তিনি এ তথ্য দিয়েছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিডিনিউজের।
সচিব বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ভোক্তা স্বার্থ ও সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার তুলনামূলক কম হারে দাম সমন্বয় করেছে।
এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। তখন সয়াবিন তেলের ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করে সরকার। পাম তেল ছিল আগের দরেই।












