তরুণ প্রজন্মকে যোগ্য ও সুস্থভাবে গড়ে তুলতে হলে তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, শুধু ভালো হওয়ার কথা বলে কিংবা নির্দেশনা দিয়ে তরুণদের সুস্থ মানসিক বিকাশ ঘটানো সম্ভব নয়। তাদের অতিরিক্ত মোবাইল ও স্ক্রিননির্ভরতা থেকে দূরে রেখে প্রকৃতি ও বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। গতকাল চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জন্য ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিনামূল্যে প্রবেশ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃতির কাছকাছি নিয়ে আসতে চট্টগ্রাম জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের প্রতি আমাদের সবার অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদের সুস্থ মানসিক বিকাশের পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে। শুধু বললেই হবে না–তুমি ভালো হয়ে যাও। তার জন্য সেই পরিবেশটাও আমাদের নিশ্চিত করতে হবে। বর্তমানে তরুণদের একটি বড় অংশ অতিরিক্ত স্ক্রিন নির্ভর হয়ে পড়ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, মোবাইল ফোন, অনলাইন ভিডিও ও ভার্চুয়াল জগতে তাদের অনেকটা সময় চলে যাচ্ছে। এ অবস্থা থেকে কিছু সময়ের জন্য হলেও তাদের প্রকৃতির কাছে ফিরিয়ে আনার চিন্তা থেকেই চিড়িয়াখানাকেন্দ্রিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্ল্যাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনা মূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, উদ্বোধনী দিনে শতাধিক শিক্ষার্থী ১০০ গ্রাম করে প্ল্যাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনা মূল্যে চিড়িয়াখানায় পরিদর্শনের সুযোগ পেয়েছে। এ সময় তাদের প্রত্যেককে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো, কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












