ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে নগরের ঝুঁকিপূর্ণ ১৯ ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ বৃহষ্পতিবার থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল বুধবার চসিকের পরিচ্ছন্ন বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অভিযান পরিচালনার জন্য চসিকের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ওয়ার্ডকে কয়েকটি জোনে ভাগ করে কর্মকর্তা ও তদারকি দল গঠন করা হয়েছে।
জানা গেছে, আজ ৩২ নং আন্দরকিল্লা, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ও ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডে অভিযান চলবে। ৬ সেপ্টেম্বর ২৯ নং পশ্চিম মাদারবাড়ী, ৩০ নং পূর্ব মাদারবাড়ী ও ৩১ নং আলকরণ ওয়ার্ডে। ৭ সেপ্টেম্বর ১৭ নং পশ্চিম বাকলিয়া, ১৮ নং পূর্ব বাকলিয়া ও ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে। ৮ সেপ্টেম্বর ২৫ নং রামপুর, ২৬ নং উত্তর হালিশহর ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে। ৯ সেপ্টেম্বর ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে। ১০ সেপ্টেম্বর ২৪ নং উত্তর আগ্রাবাদ ও ৩৭ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড। ১২ সেপ্টেম্বর ৯ নং উত্তর পাহাড়তলী ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে কর্মসূচি চলবে।
চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের স্বাক্ষরিত এ আদেশে জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ কমাতে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে এ ক্র্যাশ প্রোগ্রামের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। শহর পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে নাগরিক সচেতনতার ওপরও জোর দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।












