বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্নস্থানে র্যালি, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সমৃদ্ধির একমাত্র বিশ্বস্ত ঠিকানা। দলটি সবসময় জনগণের অধিকার আদায়ে রাজনীতি করেছে। নেতাকর্মীদের এর গুরুত্ব উপলব্ধি করে মানুষের জন্য কাজ করে যেতে হবে।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারা–কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়েছিলেন। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নে নজির স্থাপন করেছে।
তিনি গতকাল আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাহ্ওয়াজ জামাল নিজাম সনি, আলী আব্বাস, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট ফোরকান, এম মনজুর উদ্দিন চৌধুরী, শফিউল আলম চৌধুরী, জাকারিয়া জকু, অ্যাডভোকেট ফৌজুল আমিন, হাজী মো. ওসমান প্রমুখ।

সীতাকুণ্ড : বিএনপি নেতা আসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে অনন্য অনুকরণীয় রাষ্ট্র হিসেবে অবস্থান তৈরী করেছে। বিএনপি এদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, সমৃদ্ধির একমাত্র বিশ্বস্ত ঠিকানার পাশাপাশি এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্ভভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড পৌর সদরে র্যালি ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর, সালামু উল্ল্যাহ, ফজলুল করিম চৌধুরী, জাকির হোসেন প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি : প্রতিষ্ঠার পর থেকেই বিএনপিকে নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র রূপ নেয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়।
পরবর্তী সময়ে জনগণের ভোটে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। বহু চড়াই–উতরাই, মামলা–হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিএনপি জনগণের সঙ্গে ছিল এবং আছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি রাজনৈতিক শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, মরহুম বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতি, ত্যাগ, বিসর্জন এবং দলের নেতাকর্মীদের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজও বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক হিসেবে দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার পর জাতীয় ঐক্য ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় আপোসহীন ছিল আছে এবং থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজী মো. রফিকুল আলম, মাষ্টার মোহাম্মদ রফিক, সাজ্জাদুর রহমান, জাগির আহমদ, মোজাম্মেল হক বেলাল, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইফতিয়ার হোসেন চৌধুরী ইফতু, মেহেদী হাসান সুজন, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, শাহাদাত হোসেন সুমন, জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, জেলা বিএনপি নেতা অধ্যাপক এহসানুল মৌলা, রফিক ডিলার, এটিএম জাহেদ চৌধুরী, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, মাস্টার ফরিদুল আলম, অ্যাডভোকেট ওমর চৌধুরী, পেয়ার আহমদ, জিল্লুর রহমান, গাজী মো. ফোরকান, আবু ছালেহ, আবু আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল বিন মনির, সদস্য মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, আব্দুল হান্নান।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের নেতৃত্বে চন্দনাইশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। গতকাল চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ মাজার পয়েন্ট সেতু থেকে র্যালিটি গাছবাড়িয়া খানহাট গিয়ে শেষ হয়।
পরে খানহাট চত্বরে জনসভায় জসীম উদ্দীন আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড বিতরণ করছেন।
তিনি দেশকে সঠিক পথে পরিচালিত করছেন। এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সওদাগর, মোজাম্মেল হক বেলাল, ইফতেখার উদ্দীন, জসীম উদ্দীন, অ্যাড. আমিনুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
র্যালিটি পটিয়া সরকারি কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় গিয়ে শেষ হয়। নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও খোরশেদ আলমের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নুরুল আমিন, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, আবুল ফয়েজ। সমাবেশে এমপি এনামুল হক বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও অংগসংঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংসদ সদস্য ও বিএনপি নেতা সরোয়ার আলমগীরের নেতৃত্বে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে রাজঘাটে গিয়ে শেষ হয়। র্যালি শেষে রাজঘাট এলাকায় এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি সরোয়ার আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে রাজনীতি করেছে।
বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় : মোস্তফা হাকিম ট্রাস্ট প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাত্র–শিক্ষক অভিভাবকদের নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উত্তর কাট্টলী ১০ নম্বর ওয়ার্ডস্থ প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুজহাত নুয়েরী। প্রধান অতিথি ছিলেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মোহাম্মদ শফি, মোহাম্মদ আইয়ুব খান, নওশাদ আলী প্রমুখ।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে গতকাল মঙ্গলবার পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে সাইফুল আলমের সভাপতিত্বে ও মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। উপস্থিত ছিলেন খোরশেদ আলম, অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর, অ্যাডভোকেট কে এস আব্বাসী, মোহাম্মদ জানে আলম প্রমুখ।

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলা বিএনপি, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা শাখার র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে আয়োজিত র্যালিটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ কলেজ রোড ও উপজেলা সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। শেষে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নুরুল আমিন এমপি ও আব্দুল আউয়াল চৌধুরী।
কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান, উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
পরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে উপজেলা প্রাঙ্গণের খালী জায়গায় ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করা হয়।












