মেরিন সিটি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও সম্মাননা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও সম্মাননা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. খুরশিদ জামিল চৌধুরী, সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং গভর্নিং বডির সদস্য, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যকরী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন শরীফ, পিএইচডি, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ আবদুস সালাম, অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল এবং উপাধ্যক্ষ অধ্যাপক কামরুন নেসা রুনা, উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ এবং উপ-পরিচালক ডা. জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ডা. ঈসা চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি লায়ন সালাহউদ্দিন আলী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কলেজ ইন্সপেক্টর ডা. হাসান রাকিব তান্না, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ও চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ হাসানুল বান্না এবং মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির উর রশিদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকরা তাঁদের ইন্টার্নশিপ জীবনের অভিজ্ঞতা, স্মৃতি ও অনুভূতি তুলে ধরেন।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও বিশেষ অতিথি ডা. খুরশিদ জামিল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অংশগ্রহণে কেক কাটার মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের বিদায়ী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটি পুরোটা সঞ্চালনা করেন মেরিন সিটি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ডা. এ. এম. রায়হান উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন মেরিন সিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রাশিদ আবরার। তিনি চিকিৎসা শিক্ষার বাস্তব অভিজ্ঞতা, দায়িত্ববোধ এবং ভবিষ্যতে মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

দীর্ঘ ইন্টার্নশিপে তাঁদের দায়িত্ব পালন, পরিশ্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইন্টার্ন চিকিৎসকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পরে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫–২৬-এর পক্ষ থেকে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় স্মারক তুলে দেন ডা. এ. এম. রায়হান উদ্দিন ও ডা. রাশিদ আবরার।

বিশেষ অতিথি ডা. খুরশিদ জামিল চৌধুরীর হাতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ডা. মাহমুদ হাসান, ডা. ইরফানুল ইসলাম ও ডা. তানজিবুর রহমান রিয়াদ।

এ ছাড়া মেরিন সিটি পরিবারের পক্ষ থেকে মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সূজত পাল এবং চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন শরীফ, পিএইচডি, উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, উপ-পরিচালক ডা. জাকির হোসেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দেন। সেই সঙ্গে মেরিন সিটি নার্সিং কলেজের পক্ষ থেকেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইন্টার্ন চিকিৎসকদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং চিকিৎসকদের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

দেশের মাটিতে যে ধরনের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসুবিধা সহজলভ্য, অনেক ক্ষেত্রে বিদেশের মাটিতেও একই মানের সেবা পাওয়া যায় না। তিনি দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন।

মাননীয় মন্ত্রী মহোদয় আরও বলেন, মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য বর্তমানে নির্ধারিত ৬৫টি আসন ভবিষ্যতে ১০০টিতে উন্নীত করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আসন সংখ্যা বৃদ্ধি পেলে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী চিকিৎসাশিক্ষার সুযোগ পাবে।

ডা. খুরশীদ জামিল চৌধুরী মেরিন সিটির ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেন এবং মেরিন সিটিকে ১০০ সীটে উন্নীত করার প্রস্তাব দেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মিনিট্রাকের সাথে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. রেজাউল করিমের আর্থিক অনুদান