হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা শুধু শহরে নয়, ছড়িয়ে দিতে হবে চট্টগ্রামের প্রত্যেক অঞ্চল, গ্রামগঞ্জ ও পাড়া–মহল্লায়। গতকাল ৩১ আগস্ট সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের অনুশীলন মাঠে চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এ কথা বলেন। তিনি আরো বলেন, হ্যান্ডবল আয়োজন নিয়মিত করা হলে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। শুধু শহরকেন্দ্রিক না রেখে হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলা চট্টগ্রামের প্রত্যেক অঞ্চল, গ্রামগঞ্জ ও পাড়া–মহল্লায় নিয়ে যেতে হবে। এর মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। খেলাধুলার উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন উল্লেখ করে শামীম বলেন, তারেক রহমান নিজেও একজন ক্রীড়ানুরাগী।
দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামেও তিনি ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। সিজেকেএস কাউন্সিলর ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে গতকাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুশীলন মাঠে শিরোপা লড়াইয়ের ফাইনালে তারা ১৭–৬ গোলের ব্যবধানে কল্লোল সংঘ গ্রীণকে পরাজিত করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন কল্লোল সংঘ গ্রীণের পেনহাটা, ফাইনালের সেরা খেলোয়াড় হন সিটি কর্পোরেশনের ফুলিৎ কব, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন সিটি কর্পোরেশনের আলমগীর।
তিনি ৩৪টি গোল করেন। এছাড়া সেমিফাইনালিস্ট স্টার ক্লাব এবং পাঁচলাইশ যুব সংঘ ও সুশৃঙ্খল দল রাফা ক্লাবকে পুরস্কৃত করা হয়। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন, ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ, তামাকুমন্ডি লেইন বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান এনামুল হক, সিরাজুল আলম, প্রবীণ কুমার ঘোষ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, সাইফুল আলম খান, সোহেল আহমেদ, আসাদুজ্জামান, মোশাররফ হোসেন লিটন, ওয়াসিম কামাল রাজা, আবু সামা বিপ্লব, কামাল উদ্দিন খান, আজম খান,আনোয়ারুল আবেদীন মুন্না, মহসিন আলী বাদশা, মো. শাহাবুদ্দিন, আপেল মাহমুদ, আমির হোসেন মানিক, রোকসানা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যান্ডবল কমিটির সম্পাদক হারুন অর রশিদ।












