শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গতকাল সোমবার আরো ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাই স্কুল। আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এবং টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার দিনের অপর ম্যাচটি ড্র হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ৩–২ গোলে চিটাগাং আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন ইমতিয়াজ উদ্দিন মাহমুদ, অয়ন দাশ এবং তানভীর খালেদ ইশমাম। অন্যদিকে বিজিত দলের সাজিদ উদ্দিন ওয়াফি একাই ২টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ বাকলিয়া স্কুলের তানভীর খালেদ ইশমামের হাতে পুরস্কার তুলে দেন ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ নজরুল করিম। সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় ছালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৮–০ গোলের বড় ব্যবধানে জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের সামিউল ইসলাম হ্যাট্রিক সহ একাই ৫টি গোল করেন। এছাড়া আবুল কায়েস তানভীর ২টি ও মো. আল আরব হোসেন ১টি গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ সামিউল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপি অধ্যাপক নুরুল আলম রাজু। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এবং টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যাচটি ১–১ গোলে ড্র হয়। আইয়ুব বিবি স্কুলের গোলদাতা মো. সিফাত এবং টাইগার পাস স্কুলের গোলদাতা মো. নাহিদ সরকার। ম্যান অব দ্যা ম্যাচ আইয়ুব বিবি স্কুলের আতিকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আবু মুসা। দিনের ৪র্থ ও শেষ ম্যাচে শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক হাই স্কুল ২–০ গোলে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা আরাফাত হোসেন ও তাসবির আলম। ম্যান অব দ্যা ম্যাচ শেরশাহ কলোনী স্কুলের তাসবির আলমের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন।












