সদরঘাটে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাটে জুয়া খেলার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা ও জুয়া খেলার এক বান্ডেল তাস জব্দ করা হয়েছে। গত রোববার রাতে সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার হেলাল উদ্দিন (৪৪), পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা স্বর্ণকারপাড়া এলাকার মিজানুর রহমান (৫০), ভোলার শশীভূষণ উপজেলার করিমপুরের কামাল হোসেন (৩৭), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষী এলাকার দিলদার (৩৬), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার নজরুল (৪২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়া এলাকার বুলবুল (৩৫)। তারা বর্তমানে সদরঘাটের ডিএসপি ঘাট এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, রোববার রাতে ডিএসপি ঘাট এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৭৭৫ টাকা ও জুয়া খেলার উপকরণ এক বান্ডেল তাস উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়েছে। ওসি আরও বলেন, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় সদরঘাট থানায় ননএফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে। পরে সোমবার (গতকাল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভক্তবেশে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার