চট্টগ্রামে ভোটার ৬৭ লাখ ২৬ হাজার

স্থানীয় সরকার নির্বাচন সারা দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৫৯ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হওয়ায় দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। ইসি সচিব আখতার আহমেদ গতকাল সোমবার নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন।

সারা দেশের মতো চট্টগ্রামেও চার স্তরের স্থানীয় সরকার নির্বাচনকে (সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ) সামনে রেখে ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা তৈরি করেছে জেলা নির্বাচন অফিস। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটারসংখ্যার সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটার ও ভোট কেন্দ্র : চট্টগ্রাম কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯১ হাজার ৬৩০, নারী ৯ লাখ ৬৭ হাজার ২২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫১ জন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটকেন্দ্র সংখ্যা ৭২৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। এসব কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৯৫৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ৬৭১টি এবং অস্থায়ী ২৮৬টি।

১৬ উপজেলা পরিষদের ভোটারের তালিকা ও ভোট কেন্দ্র : জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা যায়, চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদের জন্য প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ২৫ লাখ ১৬ হাজার ৮০৪, নারী ২২ লাখ ৫০ হাজার ৯৭০ এবং হিজড়া ভোটার ১৭ জন।

এদিকে চট্টগ্রামের ১৬ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৪৭৫টি। সবগুলোই স্থায়ী কেন্দ্র। মোট ভোটকক্ষ ৯ হাজার ১৪৩টি। এর মধ্যে স্থায়ী ৮ হাজার ৭৭৫টি এবং অস্থায়ী ৩৬৮টি। চট্টগ্রামে ১৪ পৌরসভা নির্বাচনের ভোটার তালিকা ও ভোটকেন্দ্র : চট্টগ্রামে ১৪ পৌরসভায় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৩ হাজার ২৪৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ২১৯টি। এর মধ্যে স্থায়ী ২১৫টি ও অস্থায়ী ৪টি। ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৯৫টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ১৯টি এবং অস্থায়ী ৭৬টি। চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ড।

চট্টগ্রামে ১৮৯টি ইউপিতে ভোটার তালিকা ও ভোটকেন্দ্র : চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত ভোটার তালিকায়

মোট ভোটার ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ২২ লাখ ৪১ হাজার ৬৬৪, নারী ২০ লাখ ৩ হাজার ৯৮৮ এবং হিজড়া ভোটার ১৭ জন।

ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৭৮১টি। এর মধ্যে স্থায়ী ১ হাজার ৭২২টি ও অস্থায়ী ৫৯টি। ভোটকক্ষ রয়েছে ৮ হাজার ১৯৩টি। এর মধ্যে স্থায়ী ৭ হাজার ৬৮৩টি এবং অস্থায়ী ৫১০টি।

চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ড, জেলার ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের প্রতীক নজরুল