সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম জাহেদুল ইসলাম (৩৫)। গত রোববার রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় ভাঙ্গার মুখ ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালীনগর এলাকার নুরুল ইসলাম প্রকাশ সর্বহারা নুরুর ছেলে। নিহত জাহেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসী জানায়, জাহেদুল ইসলাম ঘটনার দিন রাত ১০টার দিকে বাজালিয়ার বোমাং হাট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে পুরানগড়ের কালীনগরে নিজ বাড়িতে যাচ্ছিল। জাহেদ মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় ভাঙ্গার মুখ ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছার পর সড়কে ব্যারিকেড দিয়ে তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নুসরাত জাহান জানান, গত মঙ্গলবার রাতে পরানগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ২টি আকাশমনি গাছ চুরি হয়। এর কয়েকদিন পর গাছ কাটার সাথে সম্পৃক্তদের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে জাহেদকে দেখা না গেলেও এক ছাত্রদল নেতা আমার স্বামী জাহেদকে গাছ চুরির অপবাদ দেয়। গত রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাজালিয়ায় যাওয়ার পথে নয়াহাটে ওই নেতাকে দেখে গাছ চুরির মিথ্যা অপবাদ দেয়ার কারণ জিজ্ঞাসা করে এবং তাকে চড় মারে। তখন তার সাথে থাকা লোকজন জাহেদকে ধাওয়া করে। এ সময় জাহেদ মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। রাত ১০টার দিকে জাহেদ বাজালিয়া থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে ভাঙ্গার মুখ এলাকায় পৌঁছার পর সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহেদকে হত্যা করে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতাল থেকে নিহত জাহেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। হত্যার কারণ এবং হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তা তদন্তের স্বার্থে আপাতত গোপন রাখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, নিহত জাহেদুল ইসলামের বিরুদ্ধেও বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।












