চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া বইশ্যাবর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান ওই এলাকার মোহাম্মদ মিয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। পরিবারের উপার্জনক্ষম একমাত্র সন্তান হিসেবে অটোরিকশা চালিয়ে সংসারের ভরণপোষণে সহযোগিতা করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতের কাজ করছিলেন আবদুর রহমান। সোমবার ঘরের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে আবদুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং অটোরিকশা চালিয়ে সংসারের ভরণপোষণে সহযোগিতা করতেন। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া দিশেহারা হয়ে পড়েছেন।
আবদুর রহমানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












