ঐতিহাসিক লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা করার যে নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার কড়া জবাব দিয়েছে কানাডা। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের পাল্টায় লেকের কানাডা অংশের তীরে একটি বিশাল সাইনবোর্ড বসিয়েছেন অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড, যেখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, লেক অন্টারিও। আছে এবং থাকবে। খবর বিডিনিউজের।
নতুন সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ডগ ফোর্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বহু আগে থেকে এই হ্রদের নাম লেক অন্টারিও ছিল। আর ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বহু পরেও এর নাম লেক অন্টারিওই থাকবে। তিনি বলেন, কানাডা ও অন্টারিও নিজেদের স্বকীয়তা রক্ষা করতে গিয়ে মাথা নত করেনি বলেই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বা অন্য যে কেউই হোক না কেন, সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এই সাইনবোর্ড বসিয়েছি। এটি লেক অন্টারিও ছিল, চিরকাল তাই থাকবে। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই এই মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। কানাডার পণ্যের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং জবাবে কানাডার পাল্টা শুল্কের ঘোষণার পরপরই ট্রাম্প লেক অন্টারিওর নাম বদলের ওই নির্বাহী আদেশ জারি করেন। এদিকে আদেশ দিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কয়েকটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছেন তিনি।












