বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে গতকাল রোববার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে আগ্রাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ও নতুন কুঁড়ি বিদ্যানিকেতন। এছাড়া বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বাগমিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি ড্র হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আগ্রাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৪–০ গোলে টিএন্ডটি কলোনি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে গোল করেন মো. সাজ্জাদ,কামরুল হাসান, আবু নসর সিয়াম ও অনি মজুমদার। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আগ্রাবাদ স্কুলের অনি মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন লামাবাজার আছদ আলী সওদাগর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসাইন মাহামুদ। সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ৪–০ গোলে লামাবাজার আছদ আলী সওদাগর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মাহির দাইরান তৈয়ব তাহা, মো. রিফাত, মো. রাব্বি মিয়া এবং মো. রাশেদ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ সাকিবুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় নতুন কুঁড়ি বিদ্যানিকেতন ৩–২ গোলে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আলম হোসন হৃদয়, মো. রহিম এবং মো. পারভেজ ১টি করে গোল দেন। অন্যদিকে বিজিত দলের মো. আলহাম হেলাল ২টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নতুন কুঁড়ির আলম হোসন হৃদয়ের হাতে পুরস্কার তুলে দেন নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকা আকলিমা আক্তার সুবর্ণা। দিনের চতুর্থ ও শেষ ম্যাচে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বাগমিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি ০–০ গোলে ড্র হয়। খেলার ম্যান অব দ্যা ম্যাচ বেপজা স্কুলের আবদুর রহমান মুন্সির হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি।












