গার্মেন্টসকর্মী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডে গার্মেন্টসকর্মী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিযেছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফরিদা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেনমো. জলিল শরিফ। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক।

এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন দৈনিক আজাদীকে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতেন পেশায় গার্মেন্টসকর্মী জয়নব বেগম। ২০২১ সালের ৩ মার্চ ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আসামি মো. জলিল শরিফ প্লাস্টিকের বস্তার রশি দিয়ে গলা পেঁচিয়ে ধরে এবং দুই হাত টেনে ধরে জয়নবকে খুন করেন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হলে ২০২৪ সালের ৯ সেপ্টম্বর চার্জগঠন করে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধএকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কানেকশন মিলেছে : প্রধান কৌঁসুলি