‘এ রাস্তায় ছিনতাই হয়’ বলার কিছুক্ষণ পর ছিনতাইয়ের শিকার দুই বান্ধবী

নগরের কাজীর দেউড়ি এলাকা, আটক ২

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

নগরের কাজীর দেউড়িতে রিকশা করে যাচ্ছিলেন দুই বান্ধবী। এদের একজন ফোনে কথা বলছিলেন। তখন অন্যজন তাকে ‘এ রাস্তায় ছিনতাই হয়’ বলে সতর্ক করছিলেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে তাদের বহনকারী রিকশার পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি টেক্সি থেকে টান মেরে সতর্ককারী বান্ধবীর ব্যাগ নিয়ে যায়, যেখানে ছিল তার মোবাইল। গত শনিবার রাত ৯টার দিকে কাজীর দেউড়ির শপিং ব্যাগ সুপারশপের উল্টো দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

ছিনতাইয়ের শিকার সৈয়দা তানিয়া আলম একটি কলেজের শিক্ষার্থী। এ সময় ব্যাগ নিয়ে টানাটানির সময় ধস্তাধস্তিতে তার হাত ও পায়ে জখম হয়। পরে দ্রুত একটি টেক্সিতে করে জিইসির দিকে যান। কিন্তু ছিনতাইকারীদের গাড়িটি আর খুঁজে পাননি। সৈয়দা তানিয়া আলম বলেন, ক্লাস শেষে নগরের আন্দরকিল্লা থেকে এক বান্ধবীকে নিয়ে রিকশায় করে গরিব উল্লাহ শাহ এলাকার বাসায় ফিরছিলাম। কাজীর দেউড়ি মোড় পার হওয়ার সময় আমার বান্ধবীর ফোনে কল আসে। আমি তাকে বারবার সতর্ক করছিলাম। এরই মধ্যে শপিং ব্যাগ শপিংমলের উল্টো পাশে পৌঁছালে ডান দিক থেকে আসা একটি টেঙি থেকে আমার হাতে থাকা ব্যাগে টান দেওয়া হয়। আমিও ব্যাগটি শক্ত করে ধরে রাখি। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করতে পারিনি। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত ওয়াসা মোড়ের দিকে চলে যায়।

এদিকে এ ঘটনায় ‘দুর্ধর্ষ’ ছিনতাইকারী হিসেবে পরিচিত শেখ ফরিদসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী তরুণীকেও থানায় ডেকে এনে আটক ব্যক্তিদের দেখানো হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে ওই টেঙিও চিহ্নিত করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সেকান্তর মিয়া সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আমরা ওই এলাকায় টেঙি নিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত শেখ ফরিদ নামে এক ছিনতাইকারীসহ দুজনকে আটক করেছি। তবে শেখ ফরিদ খুবই ধূর্ত। সে এখনো ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেনি। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সেমিনার বন্ধ করল দিল্লির পুলিশ