বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২৮ আগস্ট বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ২,০০০ গাছের চারা বিতরণ ও পরিবেশ বিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে সারোয়াতলীতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ–সভাপতি এম. জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য। বক্তারা বলেন, বোয়ালখালীর সংকট এখন শুধু কালুরঘাট সেতু নয়; কৃষিজমি, পানি, পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে। শিল্পকারখানার বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ায় পানি দূষিত হচ্ছে এবং কৃষিজমিতে এর বিরূপ প্রভাব পড়ছে। তারা বোয়ালখালীর শাখা নদীতীরে স্লুইসগেট নির্মাণ, শিল্পকারখানায় কার্যকর বর্জ্য শোধনাগার স্থ্াপন, কৃষিজমি রক্ষা এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বন্ধের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।










