ফটিকছড়িতে মাদকবিরোধী র‌্যালি

মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে : এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে বিবিরহাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে এক মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টায় শুরু হওয়া এই র‌্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ব্যানার, ফেস্টুন ও মাদকবিরোধী স্লোগানে মুখরিত এই পদযাত্রায় প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ধরে এগিয়ে যাওয়া র‌্যালিটি বিবিরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর বলেন, মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। ফটিকছড়ির মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চোরাকারবারি কিংবা মাদকসেবীর ঠাঁই হবে না। মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসনকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, হামিদ চৌধুরী, নাছির উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, চেয়ারম্যান শহিদুল আজম, হাসানুল কবির ও জুয়েল চক্রবর্তীসহ দলীয় নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে