বসনিয়ার কসাই নামে পরিচিত সাবেক বসনীয় সার্ব সামরিক কমান্ডার রাটকো ম্লাদিচ মারা গেছেন। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ম্লাদিচের মৃত্যুর খবর বৃহস্পতিবার জাতিসংঘের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
তার বয়স হয়েছিল ৮৪ বছর। ম্লাদিচ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ২০১১ সালে গ্রেপ্তারের পর থেকে তিনি দ্য হেগের জাতিসংঘের আটককেন্দ্রে ছিলেন। তাঁর মৃত্যুর আগে স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞ : ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের অন্যতম প্রধান সামরিক কমান্ডার ছিলেন ম্লাদিচ। তার নেতৃত্বাধীন বসনীয় সার্ব বাহিনী ১৯৯৫ সালের জুলাইয়ে স্রেব্রেনিৎসায় হাজার হাজার বসনিয়াক মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে। পরবর্তী সময়ে ওই হত্যাযজ্ঞে নিহতের সংখ্যা ৮ হাজারের বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উঠে আসে। স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার একটি হিসেবে বিবেচনা করা হয়।











