রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় একই রাতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রবি টাওয়ারের লোহার দরজা ভেঙে গুরুত্বপূর্ণ সরঞ্জাম, একটি স’মিল থেকে মোটর ও বৈদ্যুতিক তার এবং একটি বাড়ি থেকে পানির মোটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সমিল মালিকের স্ত্রী রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে মঘাইছড়ি এলাকার রবি টাওয়ারের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল। একই রাতে পার্শ্ববর্তী ইয়াছিন আরাফাতের মালিকানাধীন ‘মনোয়ারা সমিল’ থেকে ২০ হর্সপাওয়ারের একটি বড় মোটর ও প্রায় ৩৫ ফুট মোটা বৈদ্যুতিক তার চুরি হয়। এছাড়া একই এলাকার আনিসের বাড়ি থেকেও একটি পানির মোটর চুরি হয়।
মনোয়ারা স’মিলের মালিক ইয়াছিন আরাফাতের স্ত্রী সাবরিনা আলম ইসমা (২৪) গত ৮ আগস্ট রাঙ্গুনিয়া মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ৭ আগস্ট রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে সমিল থেকে ১ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।











