ফটিকছড়ির উত্তর উপজেলার দাঁতমারা থেকে চট্টগ্রাম শহরে পাচারের সময় ২ হাজার ৮৫০ কেজি চোরাই ভেজা রাবার নিয়ে একটি ট্রাক উল্টে বিলে পড়ে গেছে। গত সোমবার রাত ১০টার দিকে দাঁতমারা এলাকার ঢালার মুখে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুরে ক্রেন দিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে ট্রাকের চালক বা পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দাঁতমারা রাবার বাগানের ডেপুটি ম্যানেজার রুহুল আমিন বলেন, সোমবার রাতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। রাতে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার (গতকাল) দুপুরে ক্রেন এনে ট্রাকটি বিল থেকে তোলা হয়। পরে ২ হাজার ৮৫০ কেজি চোরাই ভেজা রাবার জব্দ করে ট্রাকসহ ভূজপুর থানায় দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, উত্তর ফটিকছড়ির বিভিন্ন সরকারি ও বেসরকারি রাবারবাগান থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চোরাই রাবার পাচার করে আসছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় চক্রটি বরাবরই অধরা থেকে যায় বলে অভিযোগ স্থানীয়দের। তবে এ বিষয়ে রাবারবাগানের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ সুনির্দিষ্ট তথ্য বা মন্তব্য দিতে রাজি হননি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, চোরাই রাবারের আলামত জব্দ করে দাঁতমারা তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে রাবারবাগান কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে। ওসি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর পলাতক ট্রাকচালককে আটক করা গেলে তার মাধ্যমে চোরাই রাবার পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং এর মূল হোতাদের পরিচয় জানা সহজ হবে।











