আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

আজাদী ডেস্ক | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবার মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগভোগের পর সুস্থ বোধ করেন। ২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর তিনি সুস্থ হয়ে ওঠেন। ওই দিন শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন রাসূল (সা.)। তাঁর সুস্থতার খবরে সাহাবিরা উচ্ছ্বসিত হয়ে হাজার হাজার স্বর্ণমুদ্রা দান করেন। তবে পরদিন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ১২ রবিউল আউয়াল ইন্তেকাল করেন হযরত মুহাম্মদ (সা.)

ফারসি শব্দমালা আখেরি চাহার সোম্বা অর্থ শেষ চতুর্থ বুধবার। রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তাঁরা নফল ইবাদতবন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন। তাই উম্মতে মুহাম্মদীর আধ্যাত্মিক জীবনে আখেরি চাহার সোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম। দিবটি উপলক্ষে আজ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ ভারতের
পরবর্তী নিবন্ধবিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিনির্ভর ব্যবসার সুযোগ দেওয়া হবে না : অর্থমন্ত্রী