বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার যা বললেন সালমান শাহর মা

সালমান শাহ হত্যা মামলা

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের পর খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেয়। প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম এ তথ্য দিয়েছেন।

গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরিফুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, ডনসহ অন্যান্য আসামি পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে বলে বাদী এজাহারে বলেছে। মামলার তদন্ত চলছে। এ আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাকে কারাগারে আটক রাখার বিষয়ে শুনানি করেন। তবে ডনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। খবর বিডিনিউজের।

এর আগে বিকাল পৌনে ৩ টার দিকে ডনকে আদালতে হাজির করা হয়। তাকে রাখা হয় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে হাতকড়া পরিয়ে বিকাল ৫টার দিকে এজলাসে তোলা হয় ডনকে। কাঠগড়ায় নেওয়ার পর জ্যাকেট, হেলমেট, হাতকড়া খুলে দেওয়া হয়। কালো রঙের ছাপা শার্ট, জিন্স প্যান্ট, হলুদ জুতা পরা ডন কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকেন। বিচারক জুয়েল রানা ৫টা ৮ মিনিটের দিকে এজলাসে ওঠেন। জানতে চান, আসামির পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা? প্রসিকিউশন বিভাগ থেকে জানানো হয়, আসামির পক্ষে কোনো আইনজীবী নেই। এরপর প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিকে কারাগারে আটক রাখার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এটা একটা আলোচিত মামলা। দীর্ঘদিন পর একটা পর্যায়ে এসেছে। আজ ভোরে বিদেশে পালিয়ে যাচ্ছিলেন এ আসামি। ইমিগ্রেশন থেকে তাকে আটক করে সিআইডি পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিআইডি পুলিশ তাকে আদালতে তুলেছে।

এই আইনজীবী বলেন, ঢাকার সিনেমার প্রখ্যাত, নন্দিত, জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালে তাকে খুন করা হয়। তার পরিবার যেন মামলা না করে এজন্য সালমান শাহর ছোট ভাইকে অপহরণ করে পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় সালমান শাহর মা নীলা চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় অপহরণের মামলা করেন। রিজভী ওরফে ফরহাদ নামে এক আসামিকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। রিজভী এই মামলারও আসামি। ওই মামলায় রিজভী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে সালমান শাহকে কীভাবে হত্যা করা হয় তাও উঠে আসে। অপহরণের মামলায় রিজভীর দুই বছরের জেল হয়। সাজা খেটে তিনি পলাতক রয়েছেন। এ সময় ডন বলেন, দুই বছরের জেল খেটে পলাতক। এটা কীভাবে হয়?

এরপর ওমর ফারুকী বলেন, আসামিকে (ডন) জামিন দিলে পলাতক হতে পারেন। তাকে কারাগারে আটক রাখার প্রার্থণা করছি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গেল বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম হত্যা মামলা করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে চিত্রনায়ক সালমান শাহর লাশ পাওয়া যায়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সে সময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছেএমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

যা বললেন সালমান শাহর মা : ডনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, সালমান আমার সন্তান। সে আমার বুকের মধ্যে আছে, থাকবে। তাকে হত্যা করা হয়েছে। আর সালমান হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন। শুধু তাই নয়, সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলে নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। আজ সে গ্রেপ্তার হয়েছে। সব প্রমাণ একদিন হবে।

নীলা চৌধুরী আরো বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও বর্তমান সরকারের প্রতি আমার আস্থা আছে। সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক। আশাকরি আমি আমার সন্তান হত্যার বিচার একদিন পাব।

পূর্ববর্তী নিবন্ধ‘১০০ ভাগ নিশ্চিন্তে থাকেন’, কাদেরকে যা বলেছিলেন আ জ ম নাছির
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল?