নিজেকে মিয়ানমারের নাগরিক পরিচয় দিয়ে ওমানে যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সারোয়ার চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে সিএমপি।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। তিনি জাল–জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী। বড় সাজ্জাদের অধীনে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশ ইতোপূর্বে চট্টগ্রাম মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে।











