বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, মালয়েশিয়ায় অবস্থানরত পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়া স্টার এক প্রতিবেদনে জানায়, বুধবার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের চেনাহ এলাকায় স্থাানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই কূটনৈতিক অগ্রগতির কথা জানান। তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে মালয়েশিয়ার সুদৃঢ় কূটনৈতিক যোগাযোগ ও সফল আলোচনার মাধ্যমেই এ অচলাবস্থা কাটানো সম্ভব হয়েছে। এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আমাদের আলোচনার কারণেই তারা এখন মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত হয়েছে। এসব বিষয়ে সতর্ক ও কার্যকর কূটনীতির প্রয়োজন হয়। খবর বিডিনিউজের।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মত ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়াটেকনাফে আশ্রয় নেয়।

আগে রোহিঙ্গাদের কেন ফেরত পাঠানো সম্ভব হচ্ছিল না, তার ব্যাখ্যায় আনোয়ার ইব্রাহিম বলেন, অনেকে বলতেন ওদের ফেরত পাঠিয়ে দিন। কিন্তু আমরা কোথায় পাঠাতাম? আগে মিয়ানমার তাদের গ্রহণ করতেই রাজি ছিল না। ফলে বাধ্য হয়েই তাদের আশ্রয় দিতে হয়েছিল। এই আলোচনার পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের প্রতি কড়া হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, কোনো রোহিঙ্গা যেন শৃঙ্খলা ভঙ্গ না করে, সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি তাদের আগেই সতর্ক করেছি। এটা মালয়েশিয়া, এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমি পুলিশকে বলেছি, রাজপথ বা জনসমাগম স্থানে রোহিঙ্গারা কোনো ঝামেলা তৈরি করলে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এটা আমাদের দেশ। অন্য কেউ এসে এখানে বিশৃঙ্খলা করবে, তা হতে দেওয়া যায় না। এ বিষয়ে আমাদের কঠোর হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে
পরবর্তী নিবন্ধযুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে, যুক্ত হলো আরও এক দেশ