পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে জেরিন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেরিন আক্তার একই এলাকার মো. লোকমানের মেয়ে। তিনি কর্ণফুলী এজে চৌধুরী কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। খবর বাংলানিউজের।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে জেরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কোনো বিষয়কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।










