পশ্চিম তীরে গুলিতে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত

| রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে গোলাগুলির ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, পশ্চিম তীরের উত্তরাংশের তাল গ্রামের ওই ঘটনায় আসলে কী ঘটেছিল, তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। খবর বিডিনিউজের।

ফিলিস্তিনিরা বিবিসিকে বলেছেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালালে স্থানীয় বাসিন্দারা তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এরপর ইসরায়েলি সেনারা সেখানে গিয়ে গুলি চালাতে শুরু করে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, কিছু পথচারীর ওপর হামলার খবরে তারা সেখানে গিয়েছিল। তাদের ভাষ্য, সন্ত্রাসীরা এক নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নিয়ে তাকে হত্যা করে, পরে সেনাদের গুলিতে সেই সন্ত্রাসীরা নিহত হয়।

নিহত অন্য তিনজন একই ফিলিস্তিনি পরিবারের সদস্য। নিহত দ্বিতীয় ইসরায়েলি ব্যক্তি ছিলেন একজন সেনা সদস্য। ওই এলাকায় ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সেটেলারদের হামলা বেড়েছে।

আহমেদ জেইদান নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তাল গ্রামের ঘটনাটি শুরু হয় ভোরে, প্রায় ৩০ জন সেটেলার ফিলিস্তিনিদের বাড়িঘরে আক্রমণ শুরু করে। ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই সেখানে হাতাহাতি হয় বলে তার ভাষ্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ফাতাহ পার্টির স্থানীয় নেতা এছাম সাইফি রয়টার্সকে বলেন, সেটেলাররা আগে গুলি চালায়, পরে ইসরায়েলি বাহিনী এসেও গুলি চালায়। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি সেখানে আহত হয়েছেন।

অন্যদিকে আইডিএফ দাবি করেছে, ফিলিস্তিনিরাই হামলা শুরু করেছিল। তাল গ্রামে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবরে সেনারা সেখানে যায়।

পূর্ববর্তী নিবন্ধশিকড়ের সন্ধানে এবার লক্ষ্মীপুরে ‘ইত্যাদি’
পরবর্তী নিবন্ধপ্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে উত্থান, ৩০ বছর পর সেই প্রশ্নফাঁস কাণ্ডেই পদত্যাগ