বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) চিফ অব মিশন ড.লরা টম বন্ডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। গত বুধবার কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে তাদের দুর্দশার কথা শোনেন তিনি। এ সময় কাথরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইওএম সহযোগিতায় স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার পক্ষ থেকে ত্রিপল বিতরণ করা হয়।পরিদর্শনকালে ড.লরা টম বন্ড বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য বলেন, জাতিসংঘের অভিবাসন সংস্থা থেকে এসেছি আমরা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি। বন্যায় ক্ষয়ক্ষতি দেখতে আমি নিজেই এসেছি। বন্যায় মানুষের বাড়িঘর ভেঙে যাওয়া, বাসস্থান হারিয়ে ফেলা দেখে সত্যিই কষ্ট লাগছে। তিনি বলেন, বন্যাকবলিতদের সমস্যাগুলো সমাধানে কিভাবে সহায়তা করতে পারি সেটা নিয়ে কাজ করছি, ভবিষ্যতেও সহায়তা নিয়ে পাশে থাকতে চাই। পরিদর্শনকালে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
এ সময় ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান, অভিবাসন সংস্থা আইওএমের ন্যাশনাল প্রজেক্ট অফিসার সৈয়দ শাহরিয়ার শাবাব, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট তারেক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট সৌমিন শারিদ, ইপসার প্রজেস্ট ম্যানেজার সানজিদা আক্তার, কল্যাণ বড়ুয়া, বাদশা মিয়া, হারুনুর রশিদ চৌধুরী, মাহিনুর আক্তার, শাহারিয়ার আলম, মুহাম্মদ এনামুল ইসলাম, মো. বেলায়েত হোসেন রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।












