বহির্নোঙরে চোরাই পণ্যসহ ১৬ জন আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজের চোরাই পণ্যসহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বহির্নোঙর এলাকায় কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি লাইফবোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার সিলিং ও দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করা হয়।

জব্দ করা পণ্য, চোরাচালানে ব্যবহৃত লাইফবোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
পরবর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর গ্রেপ্তার, ২ দিনের রিমান্ড