চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার এই মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ প্রতিবেদন জমা দিতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের পরবর্তী এ দিন রাখেন বলে তথ্য দিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম। খবর বিডিনিউজের।
সামিরা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে–ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দেশের চলচ্চিত্র জগতে সে সময় তিনি তুমুল জনপ্রিয় ছিলেন।












